বাণিজ্যমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৬, ৮:৫০:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কানাডার আলবার্টা শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। এদিকে হাজী ইসমাইল হোসেনের মৃত্যুর খবর দুপুরে সিলেটে পৌছামাত্র শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীরা তার বাসা ভিড় জমান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। কানাডার আলবার্টা শহরে পরিবার নিয়ে বসবাস করতেন হাজী ইসমাইল হোসেন। গত সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি দেন।
কানাডায় অবস্থানরত বড় ছেলে ইমরান হোসেন জানিয়েছেন- বৃহস্পতিবার অসুস্থতা বোধ করলে ইসমাইল হোসেনকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক নানা সমস্যা ধরা পড়ে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় তিনি হাসপাতালে অবস্থায় মারা যান। তিনি জানান- বাংলাদেশ সময় শনিবার ভোররাতে ও কানাডার স্থানীয় সময় বাদ জুম্মা একটি মসজিদে জানাযার নামাজের পর তাকে ওখানের একটি মুসলিম কবরস্থানে সমাহিত করা হবে।
হাজী ইসলাম হোসেন সিলেটের সংবাদপত্র বিপনন ব্যবসার অন্যতম এক ব্যক্তিত্ব। নগরীর পৌর বিপনী মার্কেটের আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী তিনি। দেশের বেশির ভাগ সংবাদপত্রের এজেন্ট হিসেবে সিলেটে তার ব্যাপক পরিচিতি ছিল। এমনকি গ্রাহক পর্যায়েও তিনি ছিলেন পরিচিত মুখ। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট সমিতির দীর্ঘ দিনের সহ-সভাপতি ছিলেন। নগরের কুমাপাড়া ঝেরঝেরি পাড়ায় আবাসিক এলাকায় তার বাসা। বাদ জুম্মার নগরের বিভিন্ন মসজিদে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাদ জুম্মা আদি মুসলমান গাজী বুরহান উদ্দিন দারুল হাদীস মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।
দুই মন্ত্রীর শোক : সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানিজ্য, শিল্প ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পৃথক শোক বার্তায় তারা বলেন- হাজী ইসমাইল হোসেন সিলেটে সংবাদপত্রের পাঠ্যভাস করে গড়ে তোলতে নিরলসভাবে পরিশ্রম করেছেন। তিনি সংবাদপত্র অঙ্গনের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে সিলেটের সংবাদপত্র বিপনন খাতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে সেটি কখনো পুরণ হবে না। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




