জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ১২:৫০:০০ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, বিশ্লেষণী দক্ষতা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে আয়োজিত Zoology Club Quiz Competition 2026 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার জুলোজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
গ্রুপ ‘এ’-তে প্রথম স্থান অর্জন করেন ব্যাচ-৩১-এর আবদুল আহাদ, দ্বিতীয় হন ব্যাচ-৩০-এর নাজিফা জান্নাত এবং তৃতীয় হন ব্যাচ-৩২-এর আবু বকর সিদ্দিক মাহদি। গ্রুপ ‘বি’-তে প্রথম স্থান অর্জন করেন ব্যাচ-২৮-এর জান্নাতুল ফেরদৌস তাশফিয়া, দ্বিতীয় হন ব্যাচ-২৯-এর আনজুমান আরা মহনি এবং তৃতীয় হন একই ব্যাচের হাজেরা বেগম ইমা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন Zoology Club-এর প্রতিষ্ঠাকালীন আহবায়ক মো. মুসলাহ উদ্দিন মুনাইম, সদস্যসচিব শাহ রাকিবুল হাসান রাফি এবং ক্লাবের সাবেক সভাপতি ও প্রাণীবিদ্যা বিভাগের অতিথি শিক্ষক রাকিব রাইয়ান, সভাপতি রুহিত তারণ অভি, সাধারণ সম্পাদক এ এইচ দুরন্ত, সহসভাপতি রুবেল আসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান, বিশ্লেষণী সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলা জরুরি। এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার পাশাপাশি আত্মবিশ্বাস ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে Zoology Club-এর সদস্য, প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত অনুষ্ঠানের শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে ধন্যবাদ জানান আয়োজকেরা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা, গবেষণামুখী চিন্তাভাবনা ও নেতৃত্বের দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।



