সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় সড়ক দুর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৬, ৯:৫৪:৪১ অপরাহ্ন
সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কানাইঘাটের তারেক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তারেক আহমদ কানাইঘাটের ৫ নং বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা শহরে কর্মস্থলের দায়িত্ব পালন শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তারেক ড্রাইভিং শিখছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী। তিনি জানান, ড্রাইভিং শিখতে গিয়ে তারেক গুরুতর আহত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।



