জুনে সিলেট বিভাগে ২৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬, ৯:১৩:০৫ অপরাহ্ন
চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কিছুটা কমেছে। জুন মাসে পুরো সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সর্বোচ্চ ১২ জনই পথচারী। জুন মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায় ও কম সংঘটিত হয়েছে সিলেট জেলায়। নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।
আজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারণ হিসাবে পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক, আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। জুন মাসে সিলেট জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত, সুনামগঞ্জ জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত, মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক ও ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।



