এ বছরই পাঁচ স্থানীয় সরকারের নির্বাচন: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬, ৮:৪১:৪৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন এবং তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থাকা পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চলতি বছরেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এসব নির্বাচন আয়োজন করতে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বৈঠক করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করা হবে।
শ্রীমঙ্গলের ময়লার ভাগাড়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শহরের বাইরে সরকারি মালিকানাধীন নিরাপদ জায়গা খোঁজা হবে। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে ময়লা থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে।
এ ছাড়া পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছয় মাস পর এসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।



