সুনামগঞ্জে ট্রাকের বেপরোয়া গতি কেড়ে নিলো মা-মেয়েসহ ৩ জনের প্রাণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়কের নবীনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। দুর্ঘটনায় নিহত চালক সজল ঘোষ (৫০) সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্য যাচ্ছিলো ওই সিএনজি চালিত অটোরিকশা। সকাল সাড়ে ৭ টার দিকে শান্তিগঞ্জের পাগলা নবীননগর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে মুখোমুখি ধাক্কা দিলেই ঘনস্থালেই মারা যান চালক সজ ঘোষ ও যাত্রী কেশবা প্রিয়। আহত কিশোরী প্রথমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার মৃত্যু হয় তার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তিনটি মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এই ঘটনায় ঘাতক ট্রাক চালককে স্থানীয়রা আটক করে রেখে পরিবর্তে পুলিশে সোপর্দ করেছে।
নিহতে আত্মীয় গোবিন্দ কুমার দাশ জানান, নিহতরা ইস্কনের অনুসারি। তারা সুনামগঞ্জ ইস্কনের মন্দীরে অধীনে সেবায়েত হিসেবে সুনামগঞ্জে বসবাস করতেন। আজ সিলেট যাওয়ার কথা ছিলো তাদের।
এই ঘটনায় ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।




