ধর্মপাশা-বাদশাগঞ্জ-গাছতলা বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৩:২৮ অপরাহ্ন
গিয়াস উদ্দিন রানা, ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে : ধর্মপাশা উপজেলার সাথে মধ্যনগর উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক ধর্মপাশা-বাদশাগঞ্জ-গাছতলা বাজার সড়কের এখন বেহাল দশা। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এসব গর্তে পড়ে ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। সড়কের পাইকুরাটি বাজার এর দক্ষিণ থেকে ১০কিলোমিটার সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।
জানা যায়, ধর্মপাশা থানা ব্রীজ হতে বাদশাগঞ্জ বাজার-গাছতলা বাজার ভায়া মধ্যনগর বাজার পর্যন্ত ২১ কিঃ মিটার পিচ ঢালাই সড়ক সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের অধীনে ছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন সড়ক ও জনপথ বিভাগের হেড অফিসে তদবির করে ২০১২ সালে ওই একমাত্র জনবহুল সড়কটি পাশর্^বর্তী নেত্রকোণা জেলা সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করেন। এর পর থেকে নেত্রকোণা জেলা সড়ক ও জনপথ বিভাগ সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়ার পর পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার হতে মধ্যনগর সদর ইউনিয়নের পিপড়াকান্দা গ্রাম পর্যন্ত ১০ কিলো মিটার সড়ক ২০২৩-২০২৪ সালে নতুন করে পিচ ঢালাই করা হলেও পাইকুরাটি বাজার হতে ধর্মপাশা উপজেলা সদর আনন্দ মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা। পিচ খোয়া উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়। ব্যাটারি চালিত অটো রিক্সা এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। নারী-শিশুরা গাড়ি থেকে পড়ে আহত ও বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। দুই উপজেলার মানুষের যাতায়াতের সড়কটিতে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা। নিত্য দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। এব্যাপারে নেত্রকোণা জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ আল সালেহিন সিলেটের ডাককে বলেন, ধর্মপাশা সদর আনন্দ মোড় হতে পাইকুরাটি বাজার এর দক্ষিণ মাথা পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক পরিদর্শন করে সংস্কারের জন্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ আসলেই ঠিকাদার নিয়োগের মাধ্যমে সংস্কার কাজ বাস্তবায়ন হবে।




