বিশ্বনাথে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ২:১২:১৮ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথের পল্লীতে রাস্তা পাকাকরণ নিয়ে গ্রামবাসীর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টার এই সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের ভল্লবপুর গ্রামে। এ ঘটনায় গতকাল দিনভর দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত করতে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী তাদের নিয়ে বৈঠক চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, প্রায় ৩০/৩৫ বছরের পুরাতন একটি মাটির রাস্তার কিছু অংশ সম্প্রতি গ্রামের কিছু প্রবাসীর উদ্যোগে আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। সম্প্রতি এই বিষয় নিয়ে এই রাস্তার অন্যতম অংশীদার প্রবাসী সাইদ আলী (৭২) এর পক্ষে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
এক পক্ষের অভিযোগে গতকাল সোমবার ভোররাতে বাহিরের ভাড়াটিয়া লোক এনে প্রবাসী সাইদ আলীর পক্ষের লোকজন পাকা রাস্তা ভেঙ্গে ফেলার চেষ্টা করেন। এসময় অপর পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে । সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এসময় নারী ও শিশুদের আর্তচিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠে।
দীর্ঘ কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের পর যখন সংঘর্ষটি ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছিল ততক্ষণে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে উভয় পক্ষ একে অপরের বাড়িতে ভাঙচুর, একটি হালচাষের ট্রাক্টর, একটি পানির মেশিন ও একটি মোটরসাইকল পুড়িয়ে দেয়। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে অন্তত ৩০ জন আহত হন।
বিষয়টি স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান , এখন পর্যন্ত কোন পক্ষ কোন অভিযোগ দায়ের করেন নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




