নবীগঞ্জে কৃষি জমি থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৫:৪৩ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারসংলগ্ন একটি কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে। তিনি জনতার বাজারের একজন পরিচিত সবজি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিদিনের মতো জনতার বাজারে সবজি বিক্রি করছিলেন জিতু মিয়া। সন্ধ্যার দিকে তিনি তার ছেলেকে দোকানে বসিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রোববার সকালে স্থানীয়রা জনতার বাজারের পাশ্ববর্তী একটি কৃষিজমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে নিহতের পরিবার দাবি করেছে, জিতু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।




