এমসি কলেজ ইকোনোমিক্স এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৯:৫২:৪৮ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ‘এমসি কলেজ ইকোনোমিক্স এলামনাই এসোসিয়েশন’ এর দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রথম পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে দিনভর এই উৎসবে মেতেছিলেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অর্থনীতি বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী।
এদিন সকালে বেলুন উড়িয়ে এই পুনর্মিলনীর উদ্বোধন করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এলামনাইর সদস্যরা। এরপরে র্যালি দিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন অর্থনীতি বিভাগের ১৯৬৩-৬৪ সেশন থেকে ২০১৯-২০ সেশনের সাবেক শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সেখানে নৃত্য পরিবেশনা করা হয়।
দুপুরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এমসি কলেজ ইকোনোমিক্স এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এলামনাই এসোসিয়েশনের মো. মারুফ আহমদ, ফৌজিয়া আক্তার ও মনিষা রাণী দাস।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। তিনি বলেন, এমসি কলেজ শুধু সিলেটের নয়, এই উপমহাদেশের এক আলোকবর্তিকা। আর সেই কলেজের অর্থনীতি বিভাগ শুরু থেকেই মেধা ও মননের যে স্বাক্ষর রেখে চলেছে, আজকের এই পুনর্মিলনী তারই প্রমাণ। আজ আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, কেউ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ সফল উদ্যোক্তা, কেউবা বিদেশে দেশের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের এই সাফল্য এই বিভাগের সার্থকতা। আমি মনে করি, একটি বিভাগ বা শিক্ষাপ্রতিষ্ঠানের আসল শক্তি তার শিক্ষার্থীরা। আজ এই পুনর্মিলনী কেবল এক দিনের মিলনমেলা নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের একটি সেতুবন্ধন। আপনারা এই ক্যাম্পাসের ঘাসে পা রেখে বড় হয়েছেন, এখানকার লাইব্রেরিতে জ্ঞান চর্চা করেছেন। আজ যখন আপনারা সফল হয়ে ফিরে এসেছেন, তখন এই কলেজের বর্তমান শিক্ষার্থীদের সামনে আপনারা একেকজন ‘রোল মডেল’।
তিনি আরও বলেন, আমি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছে একটি অনুরোধ রাখব, আপনারা কেবল স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকবেন না। এই সংগঠন যেন আমাদের বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ এবং গবেষণায় সহযোগিতা করে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দক্ষ অর্থনীতিবিদের খুব প্রয়োজন। আপনারা যারা পেশাদার জীবনে সফল, আপনাদের অভিজ্ঞতা যেন আগামী দিনের অর্থনীতিবিদদের পথ দেখায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এমসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমান।
এতে বক্তারা বলেন, “এমসি কলেজের অর্থনীতি বিভাগ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগ নয়, এটি আমাদের আবেগ এবং মেধা বিকাশের সূতিকাগার। আজ এই পুনর্মিলনী আমাদের শিকড়ের টানে এক করেছে। আমাদের লক্ষ্য শুধু স্মৃতিচারণ নয়, বরং এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ এবং বিভাগের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা।”
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের সোনালি দিনগুলোর স্মৃতিচারণ করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন পুরনো বন্ধুদের দীর্ঘ কয়েক বছর পর কাছে পেয়ে।
এতে সভাপতিত্ব করেন- ইকোনোমিক্স এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর ফাহিমা জীন্নুরায়েন।
মধ্যাহ্নভোজ শেষে কলেজ অডিটোরিয়ামে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে র্যাফেল ড্র করা হয় এবং সবশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় আর প্রত্যেককে গিফট দেওয়া হয়।
উল্লেখ্য, এই পুনর্মিলনীকে ঘিরে গত কয়েক মাস ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল ‘এমসি কলেজ ইকোনোমিক্স এলামনাই এসোসিয়েশন’। রেজিস্ট্রেশনের মাধ্যমে কয়েক দশকের শিক্ষার্থীদের এই মিলনমেলা কলেজ ক্যাম্পাসকে উৎসবে রূপ দেয়।




