দোয়া মাহফিলে খন্দকার মুক্তাদির
বেগম জিয়ার আপসহীন আদর্শ আমাদের ধারণ করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৯:৩২:২৩ অপরাহ্ন
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা এ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন আদর্শের প্রতীক। দেশ ও জাতির ক্রান্তিকালে তিনি কখনো মাথানত করেননি। আগামীদিনে মানুষের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মহীয়সী নেত্রী বেগম জিয়ার আপসহীন আদর্শই আমাদের ধারণ করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান মহানগর বিএনপির সদস্য বদরুজ্জামান সেলিমের উদ্যোগে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া একজন ঘরণী থেকে এক অদম্য নেত্রীতে পরিণত হননি, বরং তিনি হয়ে উঠেছিলেন শোষিত মানুষের একমাত্র ভরসা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুঁকে ধুঁকে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি আপস করেননি। আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক অকুতোভয় প্রাচীর। আজ যখন তিনি না ফেরার দেশে চলে গেলেন, তখন জাতি এক মমতাময়ী দেশপ্রেমিক অভিভাবক ও সাহসী নেতৃত্বকে হারালো। তার করা ভবিষ্যদ্বাণী আজ সত্য প্রমাণিত হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে এবং ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের ঠাঁই হয়েছে। তিনি বলেন, তার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহান রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।
মাহফিলে দোয়া পরিচালনা করেন শাহ মির (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান। বদরুজ্জামান সেলিমের পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউর রহমান ফাউন্ডেশন অল ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুনিম, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী প্রমুখ।-বিজ্ঞপ্তি



