জৈন্তাপুরে র্যাব-৯ এর অভিযান, বোমা তৈরির ভারতীয় বিপুল সরঞ্জাম ও ডেটোনেটর উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৪:৩৭:২৩ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে র্যাব-৯ এর অভিযানে বোমা তৈরির ভারতীয় বিপুল সরঞ্জাম ও ডেটোনেটর উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে।
র্যাব জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এসব বিস্ফোরক জমায়েত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, এসব বিস্ফোরক সরঞ্জামের গায়ে ভারতীয় এসবিএল এনার্জি কোম্পানির নাম লেখা রয়েছে। তিনি আরো জানান, আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা নাশকতার পরিকল্পনা করছিল। তবে, তাদের এসব অপতৎপরতার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-৯ এর অভিযানে ইতোমধ্যে ৭৯টি অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান মোল্যা জানান, র্যাবের অভিযানের খবর পেয়েছি। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকেও কাজ করা হবে বলে ওসি জানিয়েছেন।




