শান্তিগঞ্জে কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ক্ষুদ্ধ এলাকাবাসী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫০:৩৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা টু শান্তিগঞ্জ পর্যন্ত কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটি অল্প দিনেই নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বহুল প্রত্যাশিত আস্তমা টু শান্তিগঞ্জ সড়কটি ২০২২ সালের অনুমোদন হয়৷ কাজটি পায় মেসার্স আতিকুর রহমান এন্টারপ্রাইজ। ২ কোটি ১৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে সড়কটি এক বছর মেয়াদে শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি৷ এক দফা মেয়াদ বাড়িয়েও এখন পর্যন্ত কাজের কোন গতি নেই৷ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ তারা নিম্নমানের নির্মাণ সামগ্রি দিয়ে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে৷
সরেজমিন দেখা যায়, সড়কটি নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, বালু, খোয়াসহ অন্যান্য সামগ্রী। সড়কটির এজিংয়ের দুপাশে শিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হচ্ছে না। এতে অল্প বৃষ্টি হলেই নির্মাণাধীন সড়কটি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আস্তমা গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমান তারেক বলেন, এই রাস্তাটি আমাদের স্বপ্নের রাস্তা৷ এই রাস্তায় নিম্নমানের ইট, সিমেন্ট ও কাঁদা মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছে তাতে রাস্তাটি বেশি দিন টিকবে না। আমরা চাই আমাদের কাঙ্ক্ষিত রাস্তাটি ভালোভাবে কাজ করা হোক।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আতিকুর রহমান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আতিকুর রহমান সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বলেন, এ বিষয়ে আমি জানিনা খোঁজ নিয়ে দেখছি৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম বলেন, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি আমি শুনার সাথেসাথে সেখানে গিয়ে কাজের সাইট থেকে নিম্নমানের মালামাল সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি৷ ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।




