সিলেটে পৌঁছে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘সিলেটের উন্নয়ন নিয়ে সব মন্ত্রী-এমপিরা শিগগিরই বৈঠকে বসবো’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২:২০:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের সামগ্রিক উন্নয়ন নিয়ে শিগগিরই জেলার সব সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে এবং আগামী দুই-চার দিনের মধ্যে সব এমপি ও মন্ত্রীরা বসতে পারেন বলেও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্ব পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, “আমি প্রথমে আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করি। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এটি আমার একার সম্মান নয়, সিলেটবাসীর সম্মান।”
প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটের গুরুত্ব তুলে ধরে আরিফুল হক বলেন, ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক সেবা কেন্দ্র থাকলেও সিলেটে তেমন সুবিধা নেই। অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের প্রত্যাশা পূরণে কাজ শুরু করব।
সিলেটের বিমানবন্দরের সম্প্রসারণকাজের ধীরগতি, কার্গো ফ্লাইট বন্ধ এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার বিষয়েও তাঁর নজর রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সব বিষয় আমাদের মাথায় আছে। আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের ১৮০ দিনের একটি কর্মপন্থা রয়েছে। ১৮০ দিন পর আপনাদের সামনে অগ্রগতির চিত্র তুলে ধরব।
আরিফুল হক চৌধুরী বলেন, রাস্তাঘাট, বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধানেও সমন্বিত উদ্যোগ হবে, সময় খুব বেশি নেই। কাজ শুরু করতে হবে এখনই।
ওসমানী বিমানবন্দরে দলের নেতা-কর্মীদের সংবর্ধনার জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, মানুষের আশা-প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ ; সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাইকে সাথে নিয়ে সুন্দর পরিবেশ, সমাজ ও দেশ গড়তে চাই।
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সর্বস্তরের মানুষ যে প্রতিদান দিয়েছেন আমি তাদের কাছে ঋণী। মন্ত্রী আরও বলেন, এখন থেকে আমার নির্বাচনি এলাকা ও দেশের জন্য কাজ করতে চাই। সততা, নিষ্ঠার সাথে কাজ করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাই।
এ সময় সিলেট -৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এডভোকেট কামাল হোসেন,
সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টেলিং তারিয়াং, সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি হাজী সুরমান আলী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন,গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল,, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ।
এর পূর্বে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাসায় এসে তার মমতাময়ী মা ও শ্বাশুড়িকে কদমবুচি করেন এবং পারিবারিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




