দেশের শান্তি, সমৃদ্ধি কামনায় শাবি ছাত্রদলের গণ ইফতার কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৫:১৫:৫৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : দেশের শান্তি, সংহতি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে আগামীকাল গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি গোল চত্বরে বিকেল থেকে শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক ও বর্তমান নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকরা জানান, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্রের চর্চা এবং সামগ্রিক অগ্রগতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হবে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের রাহাত জামান বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি আমাদের সবার কামনা। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে আলোকিত করার দায়িত্ব আমাদের কাঁধে। এই আয়োজন কেবল একটি ইফতার মাহফিল নয় এটি ঐক্য, সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা। আমরা বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণের প্রশ্নে আমরা সবাই এক।
ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্রের মূল্যবোধ এবং একটি শান্তিপূর্ণ, উন্নত বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে।




