দিরাইয়ে নদীর তীর থেকে মাটি লুট, যুবকের কারাদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৭:৩৩:১৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে শিব্বির মিয়া (২৫) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার এ অভিযান পরিচালনা করেন।
লুটের সঙ্গে জড়িত দণ্ডপ্রাপ্ত শিব্বির মিয়া উপজেলার নতুন কর্নগাও গ্রামের আব্দুল মুমিনের ছেলে। অভিযানকালে মাটি কাটার বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার গোলাপনগর এলাকার কালনী নদীর তীরের মাটি কেটে পাড় ক্ষতিগ্রস্ত করছিল। এতে নদী ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হওয়ায় আজ সেখানে সাঁড়াশি অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে হাতেনাতে আটকের পর শিব্বির মিয়াকে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সনজীব সরকার বলেন, “নদীর পাড় ও সরকারি সম্পদ রক্ষায় আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। যারা অবৈধভাবে নদীর মাটি কেটে পরিবেশের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান শেষে জব্দকৃত মালামাল স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।




