গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ১:৩৭:২৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (ছাতক) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক আলমগীর হোসেন নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলমগীর হোসেন বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সুত্রে জানা গেছে, সিলেট -সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মাস্টার আলমগীর হোসেন গুরুতর আহত হন। অটোরিকশার যাত্রী ছিলেন তিনি। আশংকাজনক অবস্থায় আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে।



