গোয়াইনঘাটের সেই ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৭:১১:৪৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকালে রুস্তমপুর ইউনিয়নের লামার বাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাট বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, ফয়জুর রহমান মুরব্বি, নূর উদ্দিন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তোয়াকুল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন ঘুষ, দুর্নীতি আর অনিয়ম এবং স্বেচ্ছাচারিতায়। লাখ টাকা হাতিয়ে নিয়ে রশিদ দেওয়া হয় পনেরোশত থেকে দুই হাজার টাকার, অফিস সহায়কদের ব্যতিরেকে দালাল আর মধ্যসত্বভোগীদের মাধ্যমে তিনি কাজ করান। ইতিপূর্বে অনেক আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে করা হলেও কোন প্রতিকার হয় নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে দূর্নীতিবাজ ভূমি কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন সপ্তাহে দুই-তিন দিন অফিসে আসেন, সময়মত অফিস করেন না, জনগণের প্রয়োজন অনুযায়ী কাগজপত্র না পেয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া গত বুধবার ২৫ মার্চ নিজ রুমে অফিস সহায়ককে দরজা বন্ধ করে মারধরের চিত্র সারা দেশের মানুষের নিকট ইউনিয়নের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। একজন ভূমি কর্মকর্তা এবং অফিস সহায়ক অফিসে এমন আচরণ আমাদের জন্য উদ্বেগের। অনতিবিলম্বে তহশীলদার( উপ সহকারী ভূমি কর্মকর্তা) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বরখাস্ত ও চাকরী আইন অনুযায়ী ফোজধারী কার্যবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে রুস্তমপুর, তোয়াকুল ইউনিয়ন সহ ভুক্তভোগী শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।




