গবাদি পশুর “খুরা রোগের” ভাইরাস সনাক্তকরণের কিট উদ্ভাবন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ১০:১০:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : গবাদি পশুর “খুরা রোগের” ভাইরাস সনাক্তকরণের কিট উদ্ভাবন করা হয়েছে। আজ রোববার ঢাকায় প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্থ “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর উদ্যোগে ৩ দিনব্যাপী প্রকল্প সমাপনী কর্মশালায় এ তথ্য জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কর্মশালার উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।
কর্মশালার উদ্বোধনী দিনে এলআরআই এর পরিচালক ড. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে “জীবন্ত গবাদি পশু থেকে এফএমডিভি (খুরা রোগ) এবং এলএসডিভি (লাম্পি স্কিন ডিজিজ) দ্রুত সনাক্তকরণের জন্য ডায়াগনস্টিক কিট তৈরি এবং অভিযোজন” শীর্ষক ৩ বছর মেয়াদি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয় ।
এ বিষয়ে “জীবন্ত গবাদি পশু থেকে এফএমডিভি (খুরা রোগ) এবং এলএসডিভি (লাম্পি স্কিন ডিজিজ) দ্রুত সনাক্তকরণের জন্য ডায়াগনস্টিক কিট তৈরি এবং অভিযোজন” শীর্ষক প্রকল্পের প্রধান গবেষক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, এ প্রকল্পের মাধ্যমে গবাদি পশুর “খুরা রোগের” ভাইরাস ও এর টাইপ নির্ণয় এবং “লাম্পি স্কিন ডিজিজ” এর উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী সিরাম তৈরি করা হয়েছে। এর ফলে কিটের মাধ্যমে অতি সহজেই এই সকল রোগের ভাইরাস শনাক্তকরণের মাধ্যমে দ্রুত প্রতিরোধ করা সম্ভব হবে।
প্রকল্পের সহযোগী গবেষক প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম বলেন,এই প্রকল্পের মাধ্যমে একজন ছাত্র ইতিমধ্যে এম এস ডিগ্রী সম্পন্ন করেছেন এবং একজন ছাত্রের পিএইচডি ডিগ্রী চলমান রয়েছে।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী বৃন্দ অংশগ্রহণ করেন।




