দিরাইয়ে প্রতিবন্ধী সহায়তা সংগঠন স্নেহ উদ্বোধন
মানুষ আস্থাশীল- বিশ্বাসী লোক খুঁজে- শিশির মনির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬, ৮:০২:০৪ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, পরের পরিনিতি সম্পর্কে আমাদের ধারণা কম কিংবা ধারণা রাখতে চাই না। এর জন্য সামান্য জিনিস নিয়ে কাড়াকাড়ি করি। আমার খুবই খারাপ লাগে দুই হাজার ১ হাজার টাকার জন্য আমরা যখন পাগলের মত আচরণ করি। আমি ভাবি আসলে এত টাকা দিয়ে কি হবে? ১ হাজার টাকা দিয়ে আজকালের দিনে কি হয়? কিছুই হয়না।
আজ শনিবার সাকালে দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে প্রতিবন্ধী সহায়তা সংগঠন স্নেহ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিশির মনির এসব কথা বলেন।
দিরাইয়ের প্রবীণ মুরুব্বি করিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরীর সভাপতিত্বে ও উবাইদুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, আমরা চাই সরকারি দল ভালো কাজ করুক। ভালো করলে অবশ্যই আমরা তাদের ভালো কাজের প্রশংসা করব। আমরা তাদের সহযোগিতা ও সাহায্য করতে চাই। কিন্তু যদি তারা খারাপ কাজ করে আমরা প্রতিবাদ ও সমালোচনা করব। আর এটাই হওয়া উচিত। দিস ইজ দ্যা পলিসি। আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করব না। এই টাইপের মানুষ আমরা না। কিন্তু কেউ যদি খারাপ কাজ করে আর তার বিরোধিতা করা যাবে না এই ধরনের রাজা বাদশাদের নমুনা বাংলাদেশে আর চলবে না। এটা মানুষের দেশ, খারাপ কাজ করলে সমালোচনা করবেই। মানুষের মুখ ওপেন থাকতেই হবে।
এসময় শিশির মনির বলেন, মানুষ আসলে টাকা নয় আস্থাশীল- বিশ্বাসী লোক খোঁজে। আমি যখন লন্ডনে গিয়েছিলাম অনেকেই আমাকে বলেছিলেন আপনি দিরাই শাল্লায় কিছু সামাজিক কাজের উদ্যোগ নেন। কেউ বলেন দুইজন আবার কেউ বলেন, আমি ৫ পরিবারের দায়িত্ব নিতে চাই। আমিও নির্বাচনের সময় বলেছিলাম পাস করি আর ফেল করি, এটা বিষয় না। আমি দিরাই শাল্লায় যে কয়টা প্রজেক্ট হাতে নেয়ার কথা বলেছিলাম, তার প্রথম টি হচ্ছে প্রতিবন্ধীদের সহায়তা। আমরা কাজটি শুরু করে দিয়েছি। আশা করবো প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে শরিক থাকবেন।
শিশির মনির আরও বলেন, আমি নির্বাচনের পর মাঝখানে কিছু সময় চিন্তাভাবনা করেছি। মানুষদের সাথে আলাপ-আলোচনা করে আজ আমরা ২৮টি পরিবার নিয়ে প্রতিবন্ধী সহয়তা সাংগঠন স্নেহের যাত্রা শুরু করেছি।
তিনি বলেন, এখানে প্রতি মাসেই সুবিধাভোগিদের সংখ্যা বাড়তে থাকবে। এরপর এ বছরের শেষে আমরা ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকে সকল সুবিধাভোগীদের সাথে নিয়ে দিরাইতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়ে আমরা আরেকটি বড় অনুষ্ঠান করব। এতে দল-মতের ঊর্ধ্বে সবার দাওয়াত থাকবে।
শিশির মনির বলেন, আমাদের নতুন প্রজন্মকে যদি লেখাপড়ার প্রতি উৎসাহিত না করতে পারি। তাহলে রাজনীতি করে কোন লাভ হবে না। তাই আমার দ্বিতীয় কথা হলো শিক্ষা, দিরাইতে স্কুল এবং মাদ্রাসায় যারা ক্লাস সেভেন থেকে ১০ম শ্রেণীতে পড়ালেখা করেন, প্রতি ক্লাসের ১ম, ২য় ও ৩য় নম্বরের ছাত্র এবং ছাত্রীর মধ্যে খুব শীগ্রই মেধা বৃত্তি চালু করব ।
আর তৃতীয় প্রজেক্ট যুবকদের নিয়ে ফ্রিল্যান্সিং ট্রেনিং শুরু করব। এবং দিরাই শাল্লায় বড় করে একটি কুরআন প্রতিযোগিতা শুরু করতে চান বলেন মোহাম্মদ শিশির মনির।
এসময় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সুরা সদস্য মাওলানা নুর উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আল আমিন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এবি, এম নোমান, হারুন মিয়া উপজেলা এনসিপির সিনিয়র সদস্য সচিব জুনায়েদ আহমদ, শাজাহান মিয়া প্রমুখ।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানের পরে দিরাই-শাল্লার ২৮টি পরিবারের প্রতিবন্ধীদের মাঝে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন মোহাম্মদ শিশির মনির।




