প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বিকেলে সিলেট থেকে সরাসরি সংসদে যোগ দিলেন এমপি এমরান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:১৭:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর সিলেট থেকে সরাসরি ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। আজ বুধবার সকালে মৌলভীবাজার সফরে যাওয়ার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত হন। কিন্তু বিমানবন্দরের লাউঞ্জে এমপিদের দেখে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন তিনি।
এসময় তিনি উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই? সংসদে যান।”
এসময় উপস্থিত ছিলেন- প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এই তিনজনের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী এই কথা বলেন।
প্রধানমন্ত্রীর এমন আকস্মিক ও কঠোর অবস্থানে উপস্থিত এমপিদের মধ্যে এক ধরণের আতঙ্ক ও তাড়াহুড়ো তৈরি হয়। এর পরপরই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দুপুরের ফ্লাইটে ঢাকায় ফিরে বিকেলে সরাসরি সংসদ অধিবেশনে যোগ দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিকেল ৪ টার দিকে নিজের সংসদ ভবনের অধিবেশনে তোলা ছবি আপলোড করে তিনি লিখেন, বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছন এটা থেকেই প্রতীয়মান হয় যে তিনি সংসদীয় গনতন্ত্র কে কতটুকু গুরুত্ব দেন। এটাই আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। দিনব্যাপী সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেন।




