সিলেট হলি ডে হোম এর যাত্রা শুরু
প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৭:২৩:৫১ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। এই বিনিয়োগের ফলে নানামুখী প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে বিশাল ভূমিকা রাখছে। তবে প্রবাসীদের এই বিনিয়োগের সম্ভাবনাকে আরও সফলভাবে কাজে লাগাতে হবে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশমুখী হয়ে কাজ করতে হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেট নগরী একটি পর্যটন নগরী হিসেবে খ্যাত। সিলেট হলি ডে হোম পর্যটন ও আতিথেয়তার ক্ষেত্রে যে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, তাদের মানসম্মত সেবা ও কর্মকান্ড চমৎকার সুনাম কুড়াবে এবং মানুষের প্রশংসা লাভ করবে। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ শুধু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং স্থানীয় পর্যায়ে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করছে। প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর খাসদবির পয়েন্টে ‘সিলেট হলি ডে হোম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা এবং ‘সিলেট হলি ডে হোম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মুনিম এর সভাপতিত্বে এসময় শাহ মুনিম বলেন, সিলেট হচ্ছে একটি ঐতিহ্যবাহী পর্যটন নগরী। সিলেট নগরী সবুজের মাঝে ‘সিলেট হলি ডে হোম’ ভ্রমণের ঠিকানা। এখানে সবাইকে আসার আহ্বান জানান। আমাদের মূল লক্ষ্য হলো সিলেটের এই অপার সম্ভাবনাকে বিশ্বদরবারে সঠিকভাবে তুলে ধরা, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ও প্রবাসীরা বাংলাদেশে আসতে এবং বিনিয়োগ করতে আরও বেশি উৎসাহিত হবে।
সিলেটকে আন্তর্জাতিকভাবে আরও পরিচিত করতে এবং একে একটি বিশ্বের কাছে সিলেটকে বিশ্বায়ন করতে শাহ মুনিম গ্লোবালাইজিং সিলেটের অভিভাবক হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিশিষ্ট কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য ডেট্রয়েট পাবলিক স্কুলের অসপ্রাপ্ত শিক্ষক শাহ আব্দুল খালিশ মিনার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবা, সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, প্রবাসী নেতা এনাম উদ্দিন হারুন, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক এম এ মতিন, মো: ইউসুফ সেলু, কাপ্তান মিয়া, হুমায়ুন আহমদ মাসুক, গার্ডেন টাওয়ারের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, সমাজসেবী মো: দেলোয়ার হোসেন খান, ইদ্রিস আলী, কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আমিন পারভেজ, পাপ্পু আহমদ, আমিন তাহমিদ, সুইট আহমদ, মো: বেলাল উদ্দিন, কয়েস আহমদ সাগর, মো: দেলওয়ার আহমদ, এডভোকেট আখতার হোসেন, সাজিদ আহমদ চৌধুরী, এডভোকেট লিয়ন, মো: শফিকুর ইসলাম, সাইদুর রহমান উজ্জল, ব্যাংকার শাহ ফাহাদ ইবনে আজিজ সানী, মোহাম্মদ শাহীন মিয়া, পিনাকী রায়, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, জাবেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং প্রবাসী কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ফিতা কেটে ‘সিলেট হলি ডে হোম’ উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।



