সিলেট চেম্বারে এআই বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ৫:৪৩:০০ অপরাহ্ন
সিলেটে “এআই ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় গতি সঞ্চার” বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চেম্বার কনফারেন্স হলে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া বলেন, বর্তমান পৃথিবীতে ব্যবসায় টিকে থাকতে হলে অনলাইন মার্কেটিং এর বিকল্প নেই। আর অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার উদ্যোক্তাদের কাজকে আরো সহজ করে দিবে। তিনি বলেন, এরকম কর্মশালায় যেকোন বিষয়ে বেসিক ধারণা প্রদান করা হয়ে থাকে, তাই উদ্যোক্তাগণ ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় সার্চ করে এআই এর ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারেন। তিনি উদ্যোক্তাগণকে ব্যবসায় সফল হতে মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর পণ্যের মান ধরে রাখার আহবান জানান।
অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী ২৬ জন এসএমই উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক তানজিদ’স স্টুডিও এর প্রতিষ্ঠাতা কাজী তানজেদুল এরশাদ, সিলেট চেম্বারের উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খান এবং চেম্বারের কর্মকর্তাবৃন্দ।



