জাফলংয়ে মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৬, ৮:৫৭:৩৩ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং রসুলপুরসহ আশপাশ এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট দূর করতে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ের একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্টের (সারফেস ওয়াটার) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে আজ শুক্রবার বিকেলে এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রকল্পটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে এই প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের দোরগোড়ায় মৌলিক সুবিধা পৌঁছে দেওয়া।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটি চালু হলে রসুলপুর ও আশপাশের এলাকার বিশাল একটি জনগোষ্ঠী নিরাপদ পানির সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।



