গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগ উপড়ে ফেলা হলো যুবকের দু’চোখ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৬, ৯:৪৮:১০ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নে একটি ছোট্ট নৌকা চুরির অভিযোগে এক যুবকের দু’টি চোখ উপড়ে ফেলা হয়েছে। চোখ হারানো যুবকের নাম খালেদ আহমদ (২০)। তিনি ৮ নং তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের সোনাই মিয়ার ছেলে। মুমূর্ষু অবস্থায় আহত খালেদকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত শনিবার দিবাগত রাতে তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের মোস্তাকের বাড়ির পুকুর থেকে ছোট্ট একটি নৌকা চুরি হয়। এরই জের ধরে গত রোববার বিকাল ৫টায় তোয়াকুল বাজারে বাড়ির আনুষাঙ্গিক খরচাপাতি ক্রয় করতে আসেন লাকী গ্রামের সোনাই মিয়ার ছেলে খালেদ আহমদ (২০)।
এসময় তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের আহমদ আলীর ছেলে মোস্তাক আহমদ, তোতা মিয়ার ছেলে পছাই মিয়া, ময়না মিয়ার ছেলে সেলিম আহমদ, নেছার আলীর ছেলে ফখরুল ইসলাম, আব্দুল জব্বারের ছেলে ইলিয়াস মিয়া, ইউসুফ আলীর ছেলে তোতা মিয়া এবং ইবই মিয়ার ছেলে সিরাজ উদ্দিন সংঘবদ্ধ হয়ে খালেদ আহমদকে প্রথমে তুলে নিয়ে শাহপুর গ্রামের মোস্তাক আহমদের বাড়িতে নিয়ে যায়। এসময় তারা সংঘবদ্ধভাবে তাকে প্রথমে মারপিট ও শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে এরা খালেদের দু’টি চোখ উপড়ে ফেলে বলে জানা যায়।
খালেদের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে রাত সাড়ে ১১ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে আসেন সন্ত্রাসীরা। খবর পেয়ে খালেদ আহমদের মা কুটনা বেগম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়ে তার ছেলেকে ৭ নং ওয়ার্ডে ভর্তি করেন।
এ ব্যাপারে তোয়াকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য লোকমান আহমদ বলেন, খালেদ আহমদকে গত রোববার বিকাল ৫টার দিকে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের মোস্তাকের নেতৃত্বে অপহরণ করা হয়। খবর পেয়ে আমি তাকে মারধর, নির্যাতন না করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে অপহরণকারীদের অনুরোধ করলেও তারা আমার কথা শুনেনি।
তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান উদ্দিন বলেন, শাহপুর গ্রামের কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করছেন বলে খবর জেনেছি। তাৎক্ষণিকভাবে স্থানীয় মেম্বার লোকমান আহমদকে ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করতে বলি। কিন্তু দুর্বৃত্তরা মেম্বারের কথাও শোনেননি।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।




