গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ১২:৫৮:৩১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের পৌরসভার ৫নং ওয়ার্ডের টিকরবাড়ি এলাকায় মাদকের বিস্তার রোধ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, টিকরবাড়ি এলাকার মসজিদের পাশে ও খাশিখাল ব্রীজের ওপর পাশে মাদকদ্রব্যের অবাধ বিস্তার ও দৌরাত্ম্য আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা জননিরাপত্তার জন্য চরম হুমকি। গত ২৪ জুন মাদক বিক্রিকালে এলাকাবাসী বাধা প্রদান করলে মাদক ব্যবসায়ীরা জাকির হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাত করে মারাত্বক আহত করে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। কিন্তু এই মাদকব্যবসায়ীরা হয়রানির উদ্দেশ্যে আদালতে এলাকার বেশ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। এলাকাবাসী এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা মুহিব খান, বাবুল খান, হাজী আব্দুল কাদির, নূর উদ্দিন, খয়রুদ্দীন, মুছাব্বিক আলী, এমদাদ রহমান, মুবাহিন আলী, আব্দুল কাইয়ুম খান, ছাইফ খান, লতিবুর রহমান, রফিক মিয়া প্রমুখ।



