সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৬, ৯:৪৭:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে স্ত্রী সন্তানসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, সোমবার দুপুরে দোকানঘর মেরামত করছিলেন অনন্তপুর গ্রামের বৃদ্ধ নুরুল আমীন ও তার ছেলে ফরহাদ শাহ। এসময় দোকান ঘরের পাশে থাকা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে যান নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ। তখন চিৎকার শুনে স্বামী-সন্তানকে বাঁচাতে এগিয়ে যান ফাতেমা বেগম। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।



