বিজিবির বাঁধায় কোম্পানীগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ বিএসএফের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৬, ৬:০৬:১৮ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে কড়া অবস্থান ও বাঁধার কারণে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নারী-পুরুষসহ ৭ জনকে পুশ-ইনের চেষ্টা চলায় বিএসএফ। তবে বিজিবির সদস্যরা তা প্রতিহত করেন।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপি-সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাঁধা দেয়। এতে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চেষ্টা প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।



