গোলাপগঞ্জে জিপিএ- ৫ পেয়েছেন যমজ দুই ভাই, হতে চায় প্রকৌশলী ও চিকিৎসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬, ১০:১৫:৫২ অপরাহ্ন
চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিক্ষক দম্পতির যমজ সন্তান মোতাছাদ্দিক আলম মোয়াজ ও মুহ্তাদি আলম মায়াজ। যমজ এই দুই ভাই সিলেটের গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে খুশি হয়েছেন শিক্ষক শিক্ষিকারাও।
তাদের বাবা-মা দুজনেই শিক্ষকতা পেশায় রয়েছেন। তাদের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মা রোকেয়া বেগম একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
মোতাছাদ্দিক আলম মোয়াজ ভবিষ্যতে একজন দক্ষ ও বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিষয়ে পড়াশোনা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা তার লক্ষ্য। আর মুহ্তাদি আলম মায়াজ ভবিষ্যতে একজন আদর্শ চিকিৎসক হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।



