২ মাসের মধ্যে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধের হুশিয়ারী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬, ২:০৫:৩২ অপরাহ্ন
সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই গণজমায়েতে সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশ নেন।
গণজমায়েতে বক্তারা বলেন, আমরা ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের সর্বত্র সর্বস্তরের নাগরিকরা সিম ব্যবহার করে থাকেন। কিন্তু সিম কোম্পানীগুলো মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস আত্মসাৎ করে, যা একপ্রকার নীরব চাঁদাবাজী। গ্রাহকের অর্থের বিনিময়ে কেনা সেবা নির্ধারিত সময়ের আগে বা অযৌক্তিক শর্তে সীমিত করে। সিম কোম্পানীগুলোর মেয়াদের অজুহাতে অর্থ আত্মসাৎ ও গ্রাহক স্বার্থবিরোধী কার্যক্রম দূর করতে হবে। ১২ কোটি গ্রাহককে জিম্মিদশা থেকে মুক্ত করতে হবে। আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো।
সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব। গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন- সিবিযুকস’র সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, জামাল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুহেল আলী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।
প্রচন্ড সূর্যের তাপের মধ্যে ১ঘন্টা ৪০ মিনিটের গণজমায়েতে ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের পক্ষ থেকে মোছা. হামিদা বেগম, মোছা. নাছুহা বেগম, রোকশানা বেগম, মুক্তা বেগম, রিমা খাতুন, গুলশানা বেগম, মোছা. হেপী বেগম, শিল্পী খাতুন, খুদেজা বেগম, মনোয়ারা আক্তার, শারমিন বেগম, রওশান আরা, মাইশা ইমু, গুলশানা বেগম, আলেম তালন সহ প্রায় দুই শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।




