সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৪:০৩:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর একটি বাসায় বৃদ্ধ স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নগরীর রায়নগর এলাকার মিতালী ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তিন বিষয়কে সামনে রেখে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
নিহতরা হলেন- বাড়ির মালিক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও তাদের কাজের মেয়ে তাহমিনা বেগম (২৫)। ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া সিলেট চেম্বার অব কমার্সের সদস্যরা ছিলেন। তিনি রায়নগরের নিজের বাসায়ই থাকতেন। এই দম্পত্তির চার সন্তানের মধ্যে দুইজন লন্ডনে ও দুইজন আমেরিকায় থাকেন।
হত্যার খবরে পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, বাসার ওয়ারড্রপ ও আলমারি খোলা আছে। স্বর্ণসহ দামি জিনিস খোয়া গেছে বলে জেনেছি। চুরি ডাকাতির ঘটনা কী না তা তদন্ত করা হচ্ছে; এছাড়া অন্য কোন কারণে হত্যা করা হয়েছে কী না খতিয়ে দেখা হচ্ছে; তাছাড়া পারিবারিক বিরোধ আছে কী না তাও খতিয়ে দেখছি। হত্যাকান্ডের ঘটনায় এই তিন বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে অস্ত্র এখনও উদ্ধার হয়নি। সকালে ওই বাসার প্রতিবেশিরা আমাদের জানান, বাড়ির দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছে এবং দরজা বন্ধ। এমন খবর পেয়ে সাথে সাথে পুলিশ টিম ঘটনাস্থলে যায়। দরজা খুলে তারা আমাদেরকে জানায়। পিবিআই ও সিআইডি ক্রাইমসিন নিয়ে যারা কাজ করেন তারাও চলে আসছে। একটা স্পেশাল টিম গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য। ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী সকালে তারা চিৎকার চেঁচামেচি শুনেছেন। সে হিসেবে সকালে ঘটনা ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। আমরা আরও তদন্ত করে জানাবো। দ্রুতই হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।
এদিকে রায়নগরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান সহ জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



