সিলেটে হাফেজ, ইমাম ও মাদরাসা ছাত্রদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৭:১৪:৫৮ অপরাহ্ন
সিলেটে হাফেজ, ইমাম, মাদরাসার ছাত্র ও বেকার যুবকদের দুই মাস ব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দেবে ইমাম প্রশিক্ষণ একাডেমি। ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক আনোয়ারুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। আগ্রহী প্রশিক্ষণার্থীরা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে নগরীর শাহী ঈদগাহস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমির কার্যালয়ে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির যোগ্যতার ক্ষেত্রে দাখিল সমমান স্তর উত্তীর্ণ হতে হবে। তবে হাফেজদের ক্ষেত্রে এ শর্ত শীতিলযোগ্য।
ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড মেম্বার কর্তৃক ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মাদরাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র ও বেকার যুবকদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। -বিজ্ঞপ্তি



