শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৮:০৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
আটক আসির মিয়া (৩০) শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়ার পর আসির মিয়া আত্মীয়-স্বজনের সহায়তায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রচার করেন।
সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। ওসি রতন শেখ পিপিএমের নেতৃত্বে ডিবির এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশনসহ ডিবি সদস্যরা এবং সদর থানার এসআই জহির হোসেন অভিযানে অংশ নেন।
অভিযানের একপর্যায়ে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে আসির মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে আসির মিয়া থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তাকে পুনরায় আটক করা হয়েছে।



