কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ৭০টি বারকী নৌকা ধ্বংস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৯:১০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত ৭০ টি বারকী নৌকা ভেঙ্গে ধ্বংস ও দুইজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ, ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন- উপজেলার দলইরগাঁও গ্রামের হাবিবুর রহমান এবং কালাইরাগের রাসেল আহমদ।
সংশ্লিষ্টরা জানান, আটক দুজনের মধ্যে হাবিবুর রহমানকে ৬মাসের জেল দেওয়া হলেও রাসেল আহমদের বয়স ১৮ বছরের কম দাবি করায় তাকে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়নি। জন্ম নিবন্ধন যাচাই করে বয়স ১৮ বছর হলে তাকেও সাজা দেওয়া হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে নৌকা ধ্বংসের পাশাপাশি ১ জনকে ৬মাসের জেল দেওয়া হয়েছে। অন্য একজনের বয়স যাচাই করে তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বারকী নৌকা ব্যবহার কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



