ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন কলিম উদ্দিন মিলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬:২২ অপরাহ্ন
ডাক ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী পর্যায়ক্রমে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই কমিটির সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া (লক্ষ্মীপুর-২), মোহাম্মদ তমিজউদ্দিন (ঢাকা-২০), মোহাম্মদ হারুনুর রশিদ (রাজবাড়ী-২), মোবাশ্বের আলম ভূঁইয়া (কুমিল্লা-১০), মনসুরা আক্তার (মহিলা আসন-২৬), মোহাম্মদ কেরামত আলী (চাঁপাইনবাবগঞ্জ-১), সাইফুদ্দিন আহমেদ হানজালা (মাদারীপুর-১) এবং ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)।




