এমসি কলেজে ছাত্র মজলিসের ১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬:৪৩ অপরাহ্ন
মুরারিচাঁদ (এমসি) কলেজে শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও আদর্শ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের এমসি কলেজ শাখা। আজ বুধবার (২ সেপ্টেম্বর) শাখার সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে সংগঠনের নির্বাহী সদস্যরা কলেজ অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় শাখা সভাপতি উত্থাপিত ১৩ দফা দাবি সরাসরি অধ্যক্ষের কাছে তুলে ধরেন এবং দাবিগুলো বাস্তবায়নে লিখিত আবেদন জানান।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধার উন্নয়ন এবং আধুনিক ও আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দাবি উল্লেখ করা হয়। অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। পাশাপাশি ইসলামী ছাত্র মজলিসের উত্থাপিত দাবিসহ শিক্ষার্থীদের কল্যাণে আরও কিছু কার্যক্রম শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
স্মারকলিপিতে উত্থাপিত ১৩ দফা দাবি হলো- ক্যাম্পাসে একটি আধুনিক ও মানসম্মত মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; ছাত্রীদের জন্য পৃথক ও উপযুক্ত নামাজের স্থান নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ; শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী খাবার নিশ্চিত করতে একটি আধুনিক ও মানসম্মত ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ; শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলেজ বাসের সংখ্যা বৃদ্ধি এবং সার্বিক পরিবহনব্যবস্থার উন্নয়ন; আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে হোস্টেলের প্রয়োজনীয় সংস্কার, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা; হোস্টেলে সিট বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক ও অনলাইনভিত্তিক ব্যবস্থাপনা চালু করা; কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বই ও ডিজিটাল রিসোর্সের ব্যবস্থা নিশ্চিত করা; সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা; ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; ছাত্রী কমনরুমের আধুনিকায়নসহ পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা; শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পাসে সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা করা; ক্যাম্পাসের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সুন্দর, স্বাস্থ্যকর ও নান্দনিক পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ; প্রতিটি বিভাগে পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, সুপেয় পানির ব্যবস্থা এবং কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, শাখা অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, বায়তুল সম্পাদক আহমদ জাকি, ছাত্রকল্যাণ সম্পাদক আহসানুল হক শাফি, ওলিউল্লাহ মাহফুজ প্রমুখ।




