সিলেটে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৮:৫১:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : আগামী ১৫ অক্টোবর মহাপঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশিরভেজা দূর্বাঘাসের ওপর ঝরেপড়া শিউলী ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন ভক্তকুল। ইতিমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরূপে ফুটে ওঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। সারা দেশের মতো সিলেটেও চলছে প্রতিমা গড়ার কাজ। এ কাজে খুবই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সিলেট জেলা ও মহানগরীতে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এবার দেবী দুর্গা মাতার আগমন ঘটবে ঘোটকে ও গমন হবে নৌকায়।
আগামী ১৫ অক্টোবর মহাপঞ্চমীর মধ্য দিয়ে শারদ উৎসব শুরু হবে। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার বর্ণিল সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ পুরোদমে চলছে। প্রতিমায় রঙ-তুলির বর্ণিল আঁচড় দিয়ে চলছেন শিল্পীরা। আপন মনের মাধুরী মিশিয়ে শিল্পীরা অবিরাম কাজ করছেন। পূজোর যাবতীয় উপকরণ, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী, ভজন কীর্ত্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানা প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। পূজার আয়োজনকারী প্রতিটি কমিটি ও পারিবারিক পূজা উদ্যোক্তারা এখন সর্বশেষ নান্দনিক আয়োজনের জন্য বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। শারদ উৎসব উপলক্ষে সিলেট নগরীর বিপণীবিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় বেড়েছে। সনাতন ধর্মের লোকজন নতুন পোশাক কিনতে এ মার্কেট ও মার্কেট ঘুরে বেড়াচ্ছেন। সর্বত্রই এক সাজ সাজ রব। পূজো আসছে ভেবে সনাতন ধর্মের লোকজন আনন্দ প্লাবনে ভাসছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এ বছর সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ১৪৬টি ও পারিবারিক আয়োজনে ১৬টি পূজা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সিলেট মহানগর এলাকায় ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন পূজা হবে ৪৭৪টি এবং পারিবারিক পূজা হবে ২৬টি। সিলেট জেলার সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে সর্বমোট ৪৭৪টি পূজা হবে। সিলেট জেলা এবং মহানগর মিলিয়ে সর্বমোট ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে আয়োজিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভার সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিকভাবে মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহবান জানানো হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সার্বজনীন ৫৮টি ও পারিবারিক ৫টি, বালাগঞ্জ উপজেলায় সার্বজনীন ৩০টি ও পারিবারিক ৩টি, কানাইঘাট উপজেলায় সার্বজনীন ৩৫টি, জৈন্তাপুর উপজেলায় সার্বজনীন ২০টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় সার্বজনীন ৪০টি ও পারিবারিক ১টি, বিশ্বনাথ উপজেলায় সার্বজনীন ২৩টি ও পারিবারিক ৩টি, গোয়াইনঘাট উপজেলায় সার্বজনীন ৪০টি, জকিগঞ্জ উপজেলায় সার্বজনীন ৯৩টি ও পারিবারিক ২টি, বিয়ানীবাজার উপজেলায় সার্বজনীন পূজা ৪২টি ও পারিবারিক ১২টি, কোম্পানীগঞ্জ উপজেলায় সার্বজনীন ২৮টি এবং ওসমানীনগর উপজেলায় সার্বজনীন পূজা ৩৯টি।
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় সার্বজনীন পূজা হবে ৩১টি ও পারিবারিক ১১টি, জালালাবাদ থানায় সার্বজনীন ১৯টি ও পারিবারিক ২টি, এয়ারপোর্ট থানা এলাকায় সার্বজনীন ৩৯টি ও পারিবারিক ১টি, শাহপরাণ (র.) থানা এলাকায় সার্বজনীন ২৫টি ও পারিবারিক ১টি, দক্ষিণ সুরমায় সার্বজনীন ১৫টি ও এবং মোগলাবাজারে সার্বজনীন ১৭টি ও পারিবারিক ১টি পূজা অনুষ্ঠিত হবে।
সম্প্রীতির নগর সিলেটে হিন্দু ধর্মাবলম্বীদের এই পূজাতে সকল ধর্মের মানুষকেই আনন্দ ভাগ করে নিতে দেখা যায়। আগামী ১০ অক্টোবর পবিত্র মহালয়া অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে মহালয়া উদযাপন পরিষদ, শ্রীহট্ট। ৮ অক্টোবর থেকে মহালয়ার অনুষ্ঠান শুরু হবে।
এই বছর দু’দিন মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী। পরদিন ১৭ অক্টোবর মহাসপ্তমী। ১৮ অক্টোবরও মহাসপ্তমীর তিথি। ১৯ অক্টোবর মহাঅষ্টমী। ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর শুভ বিজয়া দশমী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেন, শারদীয় দুর্গাপূজা এই বছর আনন্দমুখরভাবেই উদযাপিত হবে। শান্তিপূর্ণভাবে এবং উৎসব আনন্দে যাতে ভাটা না পড়ে সেজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সকল পূজামণ্ডপকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতাও করা হচ্ছে। এছাড়া পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিকল্প হিসেবে জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এদিকে, আগামী ২৫ অক্টোবর শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ৮ নভেম্বর শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।



