গান-কবিতা-নৃত্যে এমসি কলেজে পঞ্চম শরৎ কবিতা উৎসব অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৯:০৮:২৪ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
সংগঠনের সদস্য সিজান শেখ, শাহনুর আলম মাহির ও বৃষ্টি রানি দাসের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মিলাদ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন মুকপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী। আলোচনা পর্বের শুরুতে মুরারিচাঁদ কবিতা পরিষদের মুখপত্র ‘ত্রৈমাসিক জাগরণ’-এর ২৪তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এরপর মুকপের সদস্যরা শরৎকে বরণ করে সম্মিলিত আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও মুকপের সাবেক উপদেষ্টা অধ্যাপক ফৌজিয়া আজিজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. নীলুফার খানম, মুকপের উপদেষ্টা অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, অঘ্রাতা সৌরভ, মনিষা রানি দাস, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।
পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনার সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, একক ও দ্বৈত আবৃত্তি, একক ও দলীয় নৃত্য এবং গান পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক পর্ব শেষে সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী ও অঘ্রাতা সৌরভের সুপারিশ এবং কলেজ অধ্যক্ষের অনুমোদনের পর নতুন কমিটি ঘোষণা করেন অঘ্রাতা সৌরভ। এ সময় মুকপের সাবেক সভাপতি মইনুল হাসান আবিরসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।



