বীরদল এনএম একাডেমিতে শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান এমপি আবুল হাসানের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:৫০:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের গড়ে তুলতে হবে। সময়ের যথাযথ ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল এনএম (নয় মৈজা) একাডেমির শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দ্বিতীয়বারের মতো কানাইঘাট উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখা।
কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সংসদ সদস্য আবুল হাসান বলেন, কানাইঘাট উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় সিলেট-৫ আসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছেন তিনি। আগামীতে তাদের সিলেট জেলার মধ্যেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও এলাকার সুনাম বৃদ্ধি পাবে।
তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারা যদি জ্ঞান ও গুণে সমৃদ্ধ এবং দক্ষ হয়ে গড়ে উঠতে পারে, তাহলে ভবিষ্যতে দেশ দক্ষ নেতৃত্ব পাবে। এ জন্য সময়ের মূল্য দিতে হবে এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। ইতিহাসে দেখা যায়, যারা সময়কে যথাযথভাবে কাজে লাগিয়েছে, তারাই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অভিভাবকরা দায়িত্বশীল হলে সন্তানরা নিজেদের পাশাপাশি পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করবে।
শিক্ষার পাশাপাশি কানাইঘাট-জকিগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি জানান, বুরহানউদ্দিন সড়ক, শেওলা-জকিগঞ্জ সড়ক এবং নদীভাঙন রোধের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব কাজের অনুমোদন হয়েছে এবং বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। উন্নয়নকাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বীরদল বাজার এলাকায় সুরমা নদীর ভাঙন সরেজমিনে দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, নদীভাঙনে মানুষের বসতভিটা ও সহায়-সম্বল বিলীন হচ্ছে। এ সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং জাতীয় সংসদেও বিষয়টি তুলে ধরেছেন।
এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজে মাদক গ্রহণ না করার পাশাপাশি অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতন ভূমিকা পালন করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে সংসদ সদস্য বলেন, কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের মুখে হাসি ফোটানোই তার প্রত্যাশা। এ জন্য এলাকার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুহিবুল হক মনিরের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির স-সভাপতি মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, কানাইঘাট সমিতি ঢাকার সভাপতি ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক সাইফুল আলম বাবুল এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী।
বক্তব্য দেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, সিনিয়র সহসভাপতি শমসের আলম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



