সেলাই প্রশিক্ষণের মাধ্যমে চা-শ্রমিক নারীদের আত্মনির্ভরশীল ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা
সিলেটের চা-বাগানে নারী ক্ষমতায়নে ব্রিটিশ বাংলাদেশী টি ফাউন্ডেশনের উদ্যোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৮:৩৬:২৬ অপরাহ্ন
সিলেটের চা-বাগানের নারীদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে ব্রিটিশ বাংলাদেশী টি ফাউন্ডেশন। ‘সুরভী নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় চা-শ্রমিক নারীদের হাতে-কলমে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের প্রথমে শরীরের মাপ নেওয়ার পদ্ধতি শেখানো হয়। এরপর প্রত্যেক নারী নিজের মাপ অনুযায়ী কাগজের ওপর কামিজের কাটিং প্যাটার্ন তৈরি করেন। এর মাধ্যমে তাঁরা পোশাক তৈরির প্রাথমিক ধারণার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন করছেন।
প্রশিক্ষণের পরবর্তী ধাপে অংশগ্রহণকারীদের হাতে কাপড়, সুই ও সুতা তুলে দিয়ে তাঁদের হাতের সেলাইয়ের দক্ষতা যাচাই করা হবে। এই ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে তাঁদের কাজের মান, দক্ষতা ও আত্মবিশ্বাস মূল্যায়ন করা হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
আয়োজকরা আশা করছেন, পরবর্তী পর্যায়ে হাতের সেলাইয়ের ওপর আরও বিশেষায়িত প্রশিক্ষণ চালু করা হবে। এর মাধ্যমে চা-বাগানের নারীরা ঘরে বসেই সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন এবং নিজেদের উদ্যোগে বিকল্প কর্মসংস্থান গড়ে তোলার সুযোগ পাবেন। এতে তাঁদের পরিবারের বাড়তি আয়ের পথও তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, চা-বাগানের নারীদের জীবনমান উন্নয়নে শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান ও আয় করার সুযোগ নিশ্চিত করাও জরুরি। সে লক্ষ্যেই এই উদ্যোগে দক্ষতা অর্জনের পাশাপাশি নারীদের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও অর্থনৈতিক স্বাবলম্বিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্রিটিশ বাংলাদেশী টি ফাউন্ডেশনের এই উদ্যোগ চা-বাগানের নারীদের প্রচলিত শ্রমনির্ভর জীবনের পাশাপাশি নতুন পেশাগত সম্ভাবনার দুয়ার খুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।



