সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন আয়োজনের লক্ষ্যে সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ৮:৩৪:১৫ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আগামী নির্বাচন আয়োজনের লক্ষ্যে সদস্য অন্তর্ভুক্তি, সদস্য হালনাগাদকরণ ও ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে গঠিত ৬ সদস্য বিশিষ্ট সহায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ ঘটিকায় চেম্বার বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।
সভায় চেম্বার প্রশাসক বলেন, বিগত দিনগুলোতে ভোটার তালিকা নিয়ে সদস্যগণের আপত্তি থাকায় সদস্যপদ সমূহ যথাযথভাবে যাচাই-বাছাইক্রমে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নক্রমে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় আমাকে প্রশাসক নিযুক্ত করেছেন এবং মন্ত্রণালয়ের স্মারকে উল্লেখিত নির্দেশনার আলোকেই সহায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল সদস্যপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আয়কর ও অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে।
সভায় নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে গুরুত্বারোপ করে সহায়ক কমিটির সদস্যগণ বলেন, অতীতে ভোটার তালিকা নিয়ে বেশ কিছু বিতর্ক চেম্বারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। আমরা এসব বিতর্কের সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে চেম্বার প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা করবো। সেই সাথে ব্যবসায়ীদের সমস্যাবলী দেখা-শুনা ও সমাধানে আমাদেরকে কাজ করতে হবে, যাতে ব্যবসা-বাণিজ্য সচল ও স্বাভাবিক থাকে।
সভায় বক্তব্য রাখেন- সহায়ক কমিটির সদস্য সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার সিপার আহমদ, সদস্য ও সাবেক সহ-সভাপতি হাজী ইফতেখার আহমদ সোহেল, সদস্য ও সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী, সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সায়েম আহমদ, সদস্য ও সাবেক পরিচালক মো. বশিরুল হক এবং সদস্য শহীদ আহমদ চৌধুরী।



