শাবি প্রক্টরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অফিসে তালা, সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ১১:১৫:৩৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের প্রটোকল দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, জরিমানার অর্থ আত্মসাৎ, এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্য এবং বিচার চাইতে যাওয়া ভুক্তভোগী শিক্ষার্থীকে হয়রানিসহ নানা গুরুতর অভিযোগ তুলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমানের অফিসে তালা ঝুলিয়েছেন একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় প্রক্টর অফিসের কর্মচারীদের বাইরে বের করে দিয়ে তালা দেন একদল শিক্ষার্থী।
এ সময় জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব রিয়াজ রিমন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসাইনসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালা দেওয়ার কারণ ব্যাখ্যা করে রিয়াজ হোসেন রিমন বলেন, “এই প্রক্টর বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের প্রটোকল দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। এ ছাড়া ভুক্তভোগী এক শিক্ষার্থীকে না জানিয়ে জরিমানা করে সেই অর্থ আত্মসাৎ, এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্য, বিচার চাইতে আসা শিক্ষার্থীকে উল্টো হয়রানি এবং সেবা নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সবসময় ধমকের সুরে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন তিনি।”
তিনি আরও বলেন, “আমাদের দাবি—প্রক্টরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আমরা বিশ্বাস করি, তাঁর এ ধরনের অন্যায় কর্মকাণ্ডের পর প্রক্টরের দায়িত্বে থাকার নৈতিকতা তিনি হারিয়েছেন।”
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, “ছাত্র-ছাত্রীদের কোনো অভিযোগ থাকলে তারা সেটি সঠিক পন্থায় উপস্থাপন করতে পারে, কিন্তু প্রক্টর অফিসে তালা দেওয়া গ্রহণযোগ্য নয়। গতকাল যে সমস্যাটি তৈরি হয়েছিল, তা সমাধানে আমি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ওসিকে ফোন করেছি। ভুক্তভোগী মেয়েটিকে কল দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং বিষয়টির সমাধানও করা হয়েছে। মেয়েটি আমাকে ফোন করে তার সন্তুষ্টির কথাও জানিয়েছে। আমি মনে করি, আমাদের প্রক্টরিয়াল বডি ভালো কাজ করছে।”
উল্লেখ্য, বুধবার সিলেটের আম্বরখানা এলাকায় খাবারের আউটলেটের এক সেলসম্যানের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে। এ বিষয়ে সহায়তা চেয়ে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি রেগে গিয়ে বিরূপ মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ ভুক্তভোগী নারী শিক্ষার্থী। বিষয়টি সামনে আসলে সামাজিক যোগযোগ মাধ্যমে ক্ষোভ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে নিজের আচরণের জন্য ভুক্তভোগীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রক্টর।



