অভিনন্দনের জোয়ারে ভাসছেন এমপি কয়ছর আহমদ
জগন্নাথপুরে ইটাখোলা নদীর উপরে সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ১২:০৯:২৭ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের হস্তক্ষেপে অবশেষে জগন্নাথপুর উপজেলার দীর্ঘ প্রতীক্ষিত ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ হচ্ছে। সেতু নির্মাণের এ প্রকল্পটি গত বুধবার একনেকে অনুমোদন হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে।
এলাকার লোকজন জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ হলে পাইলগাঁও ইউনিয়ন ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে।
তাঁরা জানান, গত এক যুগ ধরে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি এলাকাবাসীকে নিয়ে সেতু নির্মাণের প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। সর্বপ্রথম ২০১২ সালে তৎকালীন সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ইটাখোলা নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ডিও লেটার দেন। ফলে এলজিইডি’র উপজেলা কার্যালয় সেতুটির প্রস্তাব পাঠালেও অদৃশ্য কারণে তা আটকে যায়।
এলজিইডি’র জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে সেতুটির দৈর্ঘ্য ধরা হয়েছিলো ৭০ মিটার। পরবর্তীতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ১০০ মিটারের ওপরে সেতু নির্মাণ করার পরিকল্পনা করে প্রস্তাব পাঠাতে নির্দেশনা দেয়। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একনেকে সেতুটি অনুমোদন পাওয়ার পরও ডিজাইন সেকশনে গিয়ে সেতুর কাজ আটকে যায়। এরপরও গুরুত্ব বিবেচনায় সেতুটি বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে একাধিকবার জগন্নাথপুর উপজেলা এলজিইডির কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে আবারও প্রস্তাব পাঠানো হয়। এতে স্থানীয় সংসদ সদস্য কয়ছর আহমদের ডিও পত্রের মাধ্যমে সেতু নির্মাণের সুপারিশ করলে সেতুটি একনেকে অনুমোদন পায়।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর বহু বছর পেরিয়ে গেলেও এই নদীটির উপর এখনও একটি সেতু নির্মাণ করা হয়নি। আমাদের অনুরোধে স্থানীয় কিশোরপুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি’র অর্থায়নে ৪ দশমিক ৭ কিলোমিটার বাইপাস রোডের মাটি ভরাটের কাজ করা হয়। এখন সেতুর কাজ শেষ হলেই এ রাস্তা দিয়ে সরাসরি পাইলগাঁও ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষ যানবাহনে চড়ে দু’পাশের লোকজন উপজেলা সদর কিংবা ঢাকা-সিলেট-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের বেগমপুর অংশে মিলিত হয়ে কম সময়ে চলাচল করতে পারবেন।
নদী এলাকার বাসিন্দা পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান আহমদ বলেন, সেতুটি বাস্তবায়ন হলে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি কমবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে বিলম্বিত হচ্ছে। বর্তমানে সেতুটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বুধরাইল গ্রামের বাসিন্দা আকিক মিয়া জানান, বহুল প্রত্যাশিত ইটাখোলা নদীর ওপর সেতু অনুমোদন হওয়ায় আমরা স্থানীয় সংসদ সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। সেতুটি বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার মাইলফলক অগ্রগতি হবে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দিন স্থানীয় সংসদ সদস্য কয়ছর আহমেদকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ প্রতীক্ষিত সেতুটি নির্মিত হলে সরাসরি যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এলাকার জীবনযাত্রার মানও বাড়বে। সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়ায় ইউনিয়নের লোকজনও বেজায় খুশি।
যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি’র সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, সেতুটি নির্মিত হলে উপজেলা সদরের সাথে আশপাশের গ্রামগুলোর হাজার হাজার মানুষের যোগাযোগ স্থাপিত হবে। ঝুঁকিমুক্ত ও উপকৃত হবে শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এসব চিন্তা থেকেই এক যুগ ধরে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে কাজ করছি। আমলাতান্ত্রিক নানা জটিলতায় ব্রিজের কাজ বাস্তবায়ন বিলম্বিত করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় এলে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদের সু-দৃষ্টির ফলে ইটাখোলা নদীর উপর ব্রীজের প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি। এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানাই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। আমরা আশাবাদী দাপ্তরিক কাজ শেষ করে শিগগিরই সেতুটির টেন্ডার হবে।



