ছাতকে সাজিদ আলী ফাউন্ডেশনের প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৯:৩২:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো সাজিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাজিদ আলী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ পরীক্ষায় ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বাংলাবাজার সামারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব আতাউর রহমান এমরান, কমিটির সদস্য জিলু মিয়া, শিক্ষক দবির মিয়া, বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক পংকজ দত্ত, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান শিক্ষক পরিতোষ দে, শিক্ষক আবু তাহের, মো. ফয়জুল্লাহ, ফজলুল করিম সুমন ও অনুকূল বৈদ্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকেরা।
উল্লেখ্য, সাজিদ আলী ফাউন্ডেশন ও সাজিদ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যপ্রবাসী মুহিবুল ইসলামের অর্থায়নে এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী মোহন চন্দ্র দাশের উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
শিক্ষক ও অভিভাবকেরা আশা প্রকাশ করেন, এ আয়োজন প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এবং ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সাজিদ আলী ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল।



