সুনামগঞ্জে পাউরুটিতে ক্ষতিকর রাসায়নিক থাকায় বেকারিকে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে যমুনা বেকারির পাউরুটিতে ক্ষতিকর রাসায়নিক পটাসিয়াম ব্রোমেটের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অননুমোদিত উপকরণ ব্যবহার, কর্মীদের পরিচ্ছন্নতার অভাব ও বিএসটিআই লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার জেলা নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দীনের নেতৃত্বে মোবাইল ফুড সেফটি ল্যাবরেটরির মাধ্যমে পাগলা বাজারে নমুনা পরীক্ষা করা হয়। এতে যমুনা বেকারির পাউরুটিতে পটাসিয়াম ব্রোমেট পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে অভিযান চালান শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বেকারির মালিক শ্যামল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দীন জানান, পটাসিয়াম ব্রোমেট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।



