গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের কারণে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২১টি লিস্টার মেশিন ও দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল এবং একটি বাল্কহেড ও তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোয়াইনঘাট ব্রিজ এলাকা, বাংলাবাজার, বালির হাওর ও নাইন্দার হাওর (ইসিএভুক্ত), সারী নদী, জাফলং ব্রিজ ও চা বাগান টাওয়ার এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরায় এ অভিযান চলে।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ এ অভিযান পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক তিনজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহায়তা করে।
ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ।



