অনিয়মের অভিযোগে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর বরখাস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৪, ১:০১:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নানা ধরনের অনিয়মের অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়- বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে পৌর পরিষদের মাসিক সাধারণ সভা তার নিজ বাসভবনে করা, শহর সমন্বয় (টিএলসিসি) কমিটির সভা না করা, মাসিক সভার কার্যবিবরণীর কপি কাউন্সিলরদের না দেওয়া, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা (ল্যান্ড ফিল্ড) স্থাপনা না করে শহরের প্রাণকেন্দ্র প্রবাসী চত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ডাম্পিং করা, বিশ্বনাথবাসীর প্রাণ বলে খ্যাত বাসিয়া নদী পরিষ্কার না করে সেখানেও ময়লা আবর্জনা ডাম্পিং করা সংক্রান্ত আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়াও তিনি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমতি ব্যতিরেকে গত ২৪ জুন যুক্তরাজ্য গমন করেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ধারা ৩২(১) অনুযায়ী মুহিবুর রহমানকে মেয়রের পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়াও সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১০টি দফতরে অনুলিপি দেওয়া হয়েছে।
এর আগে গত (১৬ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে ৭ জন কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত এ অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন প্যানেল মেয়র-১ রফি মিয়া, প্যানেল মেয়র-২ সংরক্ষিত কাউন্সিলর সাবিনা বেগম, সংরক্ষিত কাউন্সিলর রাসনা বেগম, সংরক্ষিত কাউন্সিলর লাকি বেগম, কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, জহুর আলী ও শামীম আহমদ।




