আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাবিপ্রবির আবু সায়েম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ১০:৫৩:৪৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সায়েম সাদিক আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন।
আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণ করে তিনি বাংলাদেশ ও শাবিপ্রবিকে বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপন করবেন। সম্মেলনে তিনি তাঁর গবেষণা “ন্যানোসেলুলোজ ফসফেটের সংশ্লেষণ ও বৈশিষ্ট্যায়ন: হাড়ের টিস্যু পুনর্গঠনের জন্য একটি নতুন বায়োপদার্থ” বিষয়টি উপস্থাপন করবেন। এই গবেষণায় হাড় পুনর্গঠনের জন্য সম্ভাবনাময় এক জৈব বস্তু (বায়োমেটেরিয়াল) হিসেবে ন্যানোসেলুলোজ ফসফেটের ব্যবহার নিয়ে কাজ করা হয়েছে।
আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) এর অন্তর্গত তরুণ রসায়নবিদ কমিটি (ওয়াই সি সি) কর্তৃক প্রদত্ত ২০২৫ সালের শরৎকালীন সিআইবিএ তরুণ বিজ্ঞানী ভ্রমণ বৃত্তির জন্য আবু সায়েমকে মনোনীত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি তাঁকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য পরবর্তী (এসিএস) জাতীয় সম্মেলনে গবেষণা উপস্থাপন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য আবু সায়েম ১,০০০ মার্কিন ডলারের একটি বৃত্তি পেয়েছেন, যা তাঁর যাতায়াত ও সম্মেলনে নিবন্ধনের খরচ বহনে ব্যবহৃত হবে।
এই সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু সায়েম সাদিক বলেন, “এই স্বীকৃতি আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার আত্মবিশ্বাস ও প্রেরণার উৎস। আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি, যারা সবসময় আমাকে সহায়তা ও উৎসাহ দিয়েছেন।”
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং তাঁর গবেষণা-পরিচালক অধ্যাপক ড. নুর উদ্দিন আহমাদের প্রতি, যিনি এই গবেষণায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, সিআইবিএ ট্রাভেল অ্যাওয়ার্ড প্রতিবছর বিশ্বের উদীয়মান তরুণ রসায়নবিদদের উৎসাহ প্রদান করতে দেওয়া হয়। গবেষণা, নেতৃত্ব এবং বৈশ্বিক যোগাযোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।




