বিজিবির ওপর চোরাকারবারীদের হামলা, আটক-১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৩:৩০:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারতীয় গরু ও মহিষ আটক করতে গিয়ে চোরাকারবারীদের হামলা শিকার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে উপজেলার তেরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন বিজিবির এক কর্মকর্তা। পরে এ ঘটনায় বুধবার দিবাগত রাতে মো. আরমান আলী (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত মো. আরমান আলী সুনামগঞ্জের দোয়ারাবাজারের নরসিংপুরের শ্রীপুরের কুদ্দুস মিয়ার ছেলে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার ও বুধবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা সীমান্তে অভিযান পরিচালনা করে দুটি গ্রুপে বিপুল পরিমাণে ভারতীয় মহিষ এবং গরু আটক করে। আটককৃত মহিষ ও গরুর সর্বমোট বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। উক্ত চোরাচালানী অভিযান পরিচালনাকালীন একটি গ্রুপে দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামে চোরাকারবারীর একটি সংঘবন্ধ দল বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে হামলা করলে ১ জন বিজিবি সদস্য আহত হয়। পরবর্তীতে র্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় অভিযান পরিচালনা করে বিজিবির উপর হামলাকারী ১ জন চোরাকারবারিকে আটক করা হয়।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধ মহিষ ও গরু জব্দ করা হয়। এসময় বিজিবির ওপর চোরাকারবারীরা হামলা করে। পরে তাদের ১ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




