দক্ষিণ সুরমায় বেপরোয়া ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ১০:৫৮:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মোটরসাইকেলের সাথে বেপরোয়া ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সফিকুর রহমান (৫৮)। তিনি গোলাপগঞ্জের পালপাড়া গ্রামের মৃত ফাতির আলীর ছেলে।
জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিকে একটি বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে সাথে সাথেই ছিটকে পড়েন সফিক। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকের চালক বা হেল্পারকে আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেল ও ট্রাকটি বর্তমানে দক্ষিণ সুরমা থানাপুলিশের হেফাজতের রয়েছে।




